বাস্তব কাল্পনিক!

 


আমাদের সবারই কম-বেশী নিজের একটা কাল্পনিক জগৎ থাকে যেটা ওতপ্রোত ভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। বাস্তব জীবন যতটা অত্যাবশ্যক ভূমিকা পালন করে আমাদের জীবনে, কাল্পনিক জগৎটাও ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তব জীবনে যখন আমরা লড়াই করে ক্লান্ত হয়ে যাই কাল্পনিক জগৎ তখনই আমাদের বেঁচে থাকার রসদ জোগায়; আবার কাল্পনিক জগতে যখন অলীক ভাবনায় ভেসে যাই বাস্তব জীবন তখন কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

বাস্তব জীবনে সব আশা আকাঙ্খা সবসময় পূরণ হয় না। তাই ভালো থাকার জন্য নিজের মতো করে এক কল্পনার জগৎ এবং বিশেষ চরিত্র সৃষ্টি করে নিই আমরা। কোনোভাবে যদি কল্পনার জগৎ থেকে সেই চরিত্রটা হারিয়ে যায় তবে কিছুই অবশিষ্ট থাকে না জীবনে; শুধু রয়ে যায় এক সাগর শূণ্যতা। তাই নিজের জন্য আমরা কোনভাবেই যেন তাকে হারাতে চাই না। নিজেদের কল্পনার জগতে তাকে নিত্য নতুন ভাবে সৃষ্টি করে চলেছি।

বাস্তব যদি কল্পনা হতো আর কল্পনা বাস্তব তাহলে বোধহয় ভুলেও কাল্পনিক জগতের কথা ভাবতাম না বা বলা ভালো কাল্পনিক জগতের সৃষ্টিই হতো না। সবসময় যে আমরা কাল্পনিক জগতে বিচরণ করি তাও নয় কারণ বাস্তবের প্রতিকূলতা অনেকসময় কাল্পনিক জগতের তাৎপর্যকে হারিয়ে দেয়। বাস্তবের ক্রমাগত লড়াই মাঝে মাঝে আমাদের এতটাই আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে যে কাল্পনিক জগৎ নিয়ে চিন্তা করার ভাবনাটাও অবাস্তব লাগে। 

কাল্পনিক জগতে প্রতি মুহূর্তে আমরা ছোট বড় অনেক গল্প তৈরী করি যেখানে সবকিছু আমাদের মনের মতো হয়, রঙিন হয়, যেখানে সব ভালো হয়। কিন্তু যখন কাল্পনিক জগতের পর্দা উঠে যায় এবং আমরা বাস্তব জীবনে ফিরে আসি তখন তার কঠিনতা, রূঢ়তা আমাদের সত্যির সামনে এনে দাঁড় করায় যেখানে হয়তো কোনটাই আমাদের মনের মতো নয়। তখন হয়তো কোথাও কাল্পনিক জগতে সৃষ্ট সেই সুন্দর গল্পগুলো বাস্তবের সত্যির সঙ্গে লড়াই করার সাহস জোগায়, উদ্বুদ্ধ করে।

বাস্তব জীবনে যখন লড়াই করতে করতে হাঁপিয়ে যাই, বাস্তবতা অসহ্যকর হতে লাগে, তখনই সেই ভয়ঙ্করতা থেকে সাময়িক মুক্তির জন্য মনের মধ্যে কাল্পনিক জগৎ সৃষ্টি হয়। আর তার সঙ্গে সৃষ্ট চরিত্র আমাদের পাশে থেকে অনুভব করায় যে সে আছে, আমাদের একা ছেড়ে সে চলে যায় নি। কঠিন বাস্তবের রূঢ়তার সামনে দাঁড়িয়ে লড়াই চালানোর জন্য যে শক্তিটার প্রয়োজন হয় সেটা এই কাল্পনিক জগৎই অবিরাম জোগায়।

কাল্পনিক জগৎ এমন একটা জগৎ যাকে আমরা নিজেদের মনের মতো গড়ে তুলি, যেখানে আমরাই কাহিনীকার, আমরাই প্রধান চরিত্র এবং মুখ্য ভূমিকা পালন করি। বাস্তব জীবনের অসহায়তা কাল্পনিক জগতে প্রধান শক্তিতে রূপান্তরিত হয়। যা বাস্তব জীবনে অপ্রাপ্ত থাকে তা যেন কোন এক জাদুকাঠিতে কাল্পনিক জগতে সহজলভ্য হয়ে যায় - ওই যে আমরাই প্রধান চরিত্র, যুগের এক শক্তিমান যার কাছে সব ক্ষমতা আছে।

কল্পনার জগতে সৃষ্ট কাল্পনিক চরিত্রটা শুধু এই জগতেই বিদ্যমান, বাস্তব জীবনে তার কোনো অস্তিত্ব নেই আর তাকে খোঁজা অর্থহীন। কারণ বাস্তব জীবনে যা আমরা পাই না কাল্পনিক জগতে তাকেই আমরা সৃষ্টি করি এক অন্য রূপে, অন্য নামে, অন্য রঙে। কোথাও বাস্তবে নিজেদের অপ্রাপ্তিটাকে মেনে নিতে পারি না বলেই কাল্পনিক জগতে তাকে সৃষ্টি করে সেই খামতি, ক্ষোভ বা হাহাকারটাকে মেটানোর চেষ্টা করি। বাস্তবে যখন নিরুপায় হয়ে যাই কাল্পনিক জগৎ তখন পরিত্রাতা হয়ে এসে সামনে দাঁড়ায়। ওই যে কিছু কিছু জিনিস অনুভব করার জন্য অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে হয়, বাহ্যিক দৃষ্টিকে  উপেক্ষা করাই বাঞ্চনীয়।

বাস্তব জীবন আমাদের যতই বাঁধার সম্মুখীন করাক না কেন কাল্পনিক জগৎ কখনও সেই বাঁধার সামনে আমাদের আনে না কারণ তার জন্যই এই জগৎটা তৈরী করা। বাস্তব জীবনে যতই আমরা একাকিত্ব অনুভব করি না কেন, কল্পনার জগতের সেই কাল্পনিক চরিত্রটা কখনই আমাদের একা থাকতে দেয় না, সবসময় পাশে থাকে, সঙ্গে থাকে, আগলে রাখে। এক সত্যিকারের হৃত্কারী বন্ধুর কাজ করে যে কোনো অবস্থাতেই কোনো খারাপ কিছু হতে দেয় না। প্রতিনিয়ত জীবন সংগ্রামে লড়তে থাকা মানুষগুলোর জীবনে কাল্পনিক জগতের গুরুত্ব অপরিসীম। এই জগৎটা তাদের শুধু কল্পনাই নয়, এটাই তাদের কাছে জীবন্ত হয়ে ওঠে এবং তারা এই কাল্পনিক জীবনটাকে আঁকড়ে ধরেই বেঁচে ওঠে।

সমগ্র কাল্পনিক জগৎ জুড়ে বিরাজমান অস্তিত্বহীন চরিত্রটা প্রতিনিয়ত বাস্তব জীবনকে প্রভাবিত করে চলেছে। সে যদি হটাৎ করে সব দৃশ্য অদৃশ্য প্রাচীর ভেদ করে, সকল অসম্ভবকে সম্ভব করে এক মহিমান্বিত অস্তিত্ব নিয়ে বাস্তব জগতে প্রবেশ করে তাহলে এক অলৌকিক ঘটনার প্রদর্শন হবে। কল্পনার জগৎ বাস্তবের সাথে মিলেমিশে এক হয়ে গেলে এক আশ্চর্য ব্যাপার ঘটবে। কিন্তু আসল চিত্রটা ভিন্ন। যা আমাদের কল্পনায় আছে তা কখনই বাস্তব নয়, একটা বিরাট পার্থক্য রয়ে যায়। আকাশের কোথাও যেমন সূর্য আর চাঁদ এক হয় না, ঠিক তেমনই কাল্পনিক জগতের সঙ্গে বাস্তব জগৎ কখনই মিলতে পারে না। ভাবনাটা বড়ই অবাস্তব। কাল্পনিক চরিত্রগুলো শুধু কল্পনার জগতেই বিদ্যমান, তাদের শুধু সেখানেই মানায়। বাস্তবে তাদের খুঁজতে যাওয়া মানে হল নিজেকে বোকা বানানো।

এটা ঠিক যে কাল্পনিক সত্ত্বাটা কখনই সত্যি নয়, বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। কিন্তু কোথাও এই সত্ত্বাটাই আমাদের বাস্তব জীবনে সমস্ত পরিস্থিতির সাথে সম্মুখীন হবার শক্তি দেয়, সাহস জোগায়, মনোবল বাড়ায়। কাল্পনিক জগতে যে কাজটা খুব সহজে করে ফেলতে পারি সেটা বাস্তব জীবনে কিছুটা হলেও সমাধানের রাস্তা দেখায়, নতুন চিন্তাশৈলী তৈরী করে। কল্পনার ক্যানভাসে সৃষ্ট চরিত্র কোথাও গিয়ে বাস্তবের চরিত্রকে এগিয়ে যাওয়ার পথ দেখায়, তার অসম্পূর্ণতাকে সম্পূর্ণ রূপ দেওয়ার প্রয়াস করে।


ড: ঋতুপর্ণা বসাক

No comments:

Post a Comment

মুহূর্ত

  মুহূর্ত ! চোখের পলকে বেরিয়ে যায়। সবাই ছুটছে, যার ফলে এই মুহূর্তগুলো কোনোভাবেই আর উপলব্ধি হচ্ছে না। কোথাও ভালো কিছু দেখলে সেটাকে উপভোগ না ক...

Popular Posts