Thursday, August 31, 2023

অভিযোগ

 


অভিযোগ এমন একটা শব্দ যার ব্যবহারের কোন সীমা পরিসীমা নেই। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে । চারপাশের পরিবেশের প্রতিটি কোনায় অভিযোগের উপস্থিতি বিদ্যমান। আমরা প্রত্যেকে কোন না কোন কিছু নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করে চলেছি। যা আছে তা নিয়ে কোন কৃতজ্ঞতা বা ধন্যবাদ না দিয়ে যা নেই তাই নিয়ে সর্বক্ষণ অভিযোগ করে চলেছি। আমরা ভুলে যাই যা আমাদের আছে তা বহু মানুষের কাছে এখনও স্বপ্ন। কিন্তু আমরা সেই অনুভূতিটাই হারিয়ে ফেলেছি, যেন তার কোন অস্তিত্বই নেই। কি নেই, কি পাইনি, অন্যের কি আছে আর আমার কি নেই তাই নিয়ে শুধু অভিযোগ করে চলেছি।

অভিযোগ আমাদের কাছে একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে এবং নিজেকে রুগী বানানোর একটা মাধ্যম। আমার কাছে কি নেই, আমি কত কষ্টে আছি বা আমাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে এই বলে আমরা নিজেদের প্রতিনিয়ত নিগ্রহ করে সকলের সমবেদনা পাওয়ার খেলায় যেন মেতে উঠেছি। আচ্ছা, আমরা কি কখনো ভালো করে তাকিয়ে দেখেছি আমাদের কাছে কি আছে, কত অমূল্য ধনসম্পদ দিয়ে জীবন পরিপূর্ণ, তা নিয়ে কি খুশি হওয়ার চেষ্টা করেছি? আরও উন্নতি করার চেষ্টা অবশ্যই করা উচিৎ কিন্তু বর্তমান সম্পদকে অগ্রাহ্য করে নয়, তাকে শক্তি করে অগ্রসর হওয়া দরকার।

আমরা শুধু অভিযোগ করতে ওস্তাদ কিন্তু নিজেদের সম্পর্কে অভিযোগ শুনতে নারাজ। আমরা আবার নিজেদের খুব মহান ভাবি কি না! এমন একজন মহান মানুষ যে কোন ভুল করতে পারে না, তাই কোন অভিযোগও থাকতে পারে না। আমাদের অবস্থা হয়েছে কোন কিছু ভালো হলে আমিযোগ অর্থাৎ সব কৃতিত্ব আমার, আর না হলেই অভিযোগ অর্থাৎ সবার হয় শুধু আমারই হয়না। কি দারুণ ব্যাপার না! অভিযোগ নিয়ে আমরা এতো ব্যস্ত হয়ে পড়ছি যে জীবনের আনন্দগুলোকে আমরা অগ্রাহ্য করে চলেছি, তাদের অনুভব করতেই পারছিনা।

অভিযোগ যত বেশি হবে চারপাশে সমস্যা তত বাড়বে। সারাক্ষণ শুধু কি নেই এই নিয়ে যদি অভিযোগ করে যাই তবে চারপাশের সম্পর্কেও এর প্রভাব পড়বে; মানুষজন বিরক্ত হবে এবং এড়িয়ে যাবে। তাই যেতে মুহূর্তে আমরা অভিযোগ করা বন্ধ করে দেব সেই মুহূর্ত থেকে জীবনের আনন্দকে উপলব্ধি করতে পারব এবং অনুভব করতে পারব যে আমাদের কি আছে এবং কোন সমস্যা আমাদের নেই যা আমাদের জীবনকে আরও দুর্বিসহ করে তুলতে পারতো।

যে শক্তি এবং সময় আমরা অভিযোগ করতে ব্যয় করি, সেই শক্তি এবং সময় আমরা যদি পরিস্থিতি বদলাতে কাজে লাগাই তবে চিত্রটা হয়তো অন্যরকম হতে পারে। আর সেই প্রচেষ্টায় "I am not the victim, I am the warrior" এই গঠনমূলক ভাবনাকে অস্ত্র হিসাবে কাজে লাগাই তবে অভিযোগের মতো ধ্বংসমূলক অসুখ থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হব।


ঋতুপর্ণা বসাক


Sunday, July 30, 2023

ক্ষমার ক্ষমতা

 


ক্ষমা একটা ছোট্ট শব্দ কিন্তু একটা জাদুশক্তি, একটা মন্ত্রবল যা অনেক বড় বড় সমস্যার সমাধান করে দেয়। কিন্তু সহজে পাওয়ার মতো সহজলভ্য সে একেবারেই নয়। ক্ষমা একটা গুণ যা সবার মধ্যে কম বেশি মাত্রায় থাকে। কেউ সহজে ক্ষমা করতে পারে, কেউ পারে না।

দৈনন্দিন জীবনে প্রত্যেকে নিজের যুদ্ধ লড়ে যাচ্ছে, কখনও কষ্ট পাচ্ছে বা কখনও কষ্ট দিচ্ছে, এটা সবার সাথেই হচ্ছে। হয়তো সবসময় সবকিছু সবার হাতে থাকে না। সজ্ঞানে বা অজান্তে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে এটা ঘটছে। কিন্তু দৈনন্দিন জীবনের এই ঘটনাগুলির পরমক্ষণ হল যে আঘাতের বা কষ্টের পর কতজন ক্ষমা চাইছে আর কতজন ক্ষমা করছে - এটা উভপক্ষের যৌথক্রিয়া। মানবিকতা বজায়ের জন্য উভয়ের সমান মিলিত প্রয়াস।

ক্ষমা মানেই সেই তিক্ত অভিজ্ঞতাকে ভুলে যাওয়া নয়। আঘাত ঠিক হয়ে যাওয়া মানে আঘাত ছিল না তা কিন্তু নয়; বরং সেই কষ্টটাকে নতুন ভাবে মনে করা। সেই কষ্ট থেকে আমরা কি কি শিক্ষা লাভ করেছি যা ভবিষ্যতের পাথেয় সেগুলি চিন্তা করে কষ্টটাকে মনে করা। একটা নেগেটিভ অভিজ্ঞতাকে পজিটিভ ভাবে ভাবতে শেখায় ক্ষমা। ক্ষমা অতীত কে বদলাতে পারে না কিন্তু ভবিষ্যৎ, তাকে অবশ্যই পাল্টাতে পারে। অতীতের ব্যর্থ হতাশাকে ভবিষতের এক নতুন আশায় পরিণত করে ক্ষমা।

ক্ষমা একটা যাত্রা, একটা অভিজ্ঞতা যা একজনকে অপরিণত থেকে পরিণত মানুষে রূপান্তরিত করে। কিন্তু এটা কোন সহজ যাত্রা নয়; মনের সাথে, বিবেকের সাথে প্রতিনিয়ত লড়াই করে এই যাত্রা একজনকে সেই গন্তব্যে পৌঁছে দেয় যে জায়গা থেকে একজন আরেজনকে ক্ষমা করে আর সেই অভিজ্ঞতা হয় পরম সুখকর কারণ সেটা তাকে অপরাধবোধ থেকে মুক্তি দেয়। তাই জন্যই বলে "ক্ষমাহি পরম ধর্ম"

ক্ষমা এক বিচিত্র জিনিষ যা ব্যক্তি বিশেষের ওপর নির্ভরশীল। অনেকসময় কাছের মানুষদের থেকে পাওয়া আঘাত ভুলতে কষ্ট হয় এবং ক্ষমা করাও কঠিন হয়ে দাঁড়ায়। অজানা অচেনা ব্যক্তিদের ক্ষমা করা সহজ হয় কারণ তারা অপরিচিত, তাই তাদের থেকে কোন প্রত্যাশাও থাকে না। কিন্তু কাছের মানুষদের থেকে অনেক প্রত্যাশা থাকে, তারা অনেক সুখদুঃখের সাথী হয়। তাই তাদের থেকে প্রাপ্ত আঘাত সহ্য করা যায় না, মনের মধ্যে দাগ কেটে যায়, তাই ক্ষমাও সহজে আসে না। 

William Blake এর উক্তিতে "It is easier to forgive an enemy than to forgive a friend."

পরিশেষে এটাই বলা যে, নিজেকে তিক্ত অতীতে বেঁধে রাখতে না চাইলে এবং এক নতুন ভবিষতের দিকে এগোতে চাইলে ক্ষমা করতে শেখা ভালো কারণ সবার আগে আমরা নিজেকে ভালোবাসি; তাই অন্য কারও জন্য নয়, নিজের মঙ্গলের জন্য, নিজের সুস্থ থাকার জন্য এটা করা

"Forgive others, not because they deserve forgiveness, but because you deserve peace."

                                                                                                                  ----Jonathan Lockwood Huie


ঋতুপর্ণা বসাক



Sunday, June 11, 2023

দেওয়া নেওয়া

 


দেওয়া নেওয়া শব্দ দুটোর মধ্যে একটা সূক্ষ আত্মিক সম্পর্ক রয়েছে যা আজকাল এক স্থুল ব্যবসায়িক সম্পর্কে পরিণত হয়েছে। কেউ কাউকে কিছু দিয়েই তার পরিবর্তে কিছু নেওয়ার কামনা করে, যেন এটা তার প্রাপ্য তার অধিকার। কিছু না নিয়ে শুধু দেওয়া যেন একপ্রকার বিলাসিতা, কল্পনা মাত্র। দেওয়া নেওয়া বর্তমান সমাজের এক কঠিন বাস্তব চিত্র।

কখনও কখনও প্রয়োজনে একজন আরেকজনের কাছ থেকে সাহায্য নেয় সেটা অর্থই হোক বা অন্য কিছু। কিন্তু বর্তমানে কাউকে কিছু দেওয়া মানেই তার ওপর একটা অঘোষিত, অলিখিত অধিকার দেখানোর প্রচেষ্টা শুরু হয়ে যায়। যদি কখনও সেই সাহায্য সেই ব্যক্তি পরিশোধ করেও দেয় তাহলেও কোন এক সময় সে সাহায্য পেয়েছে এই মানসিকতায় তার ওপর অধিকার খাটানোর একটা প্রচেষ্টা থেকেই যায়।

একটা সম্পর্ক দেওয়া নেওয়ার মধ্যে একটা ভারসাম্য। একদিকে শুধুই নেওয়া আর কোন দেওয়া নেই তাহলে সেই সম্পর্ক আর বজায় থাকে না। উভয় পক্ষের দেওয়া নেওয়ার মিলিত প্রচেষ্টা একটা সুষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, সুন্দর ভাবে বজায় রাখে। সমপরিমাণ দেওয়া নেওয়া প্রয়োজনীয় নয় কিন্তু মানসিকতা আবশ্যক । শুধুই নেওয়া আর কোন দেওয়া নয় এটা একান্ত ভাবেই কাম্য নয়।

জীবন পুরোটাই এই দেওয়া নেওয়া সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরী কারণ সবাই পরস্পরের ওপর নির্ভরশীল। যদি কেউ কোন কিছু দিতে অনাগ্রহী থাকে তবে তার কোন কিছু নিতেও আগ্রহী হওয়া উচিৎ নয়। আবার কেউ যদি শুধুই দিয়ে যায় সেই ক্ষেত্রেও দাতার সীমাজ্ঞান থাকা আবশ্যক কারণ অনেকসময় গ্রহীতার সেটা থাকে না, সে শুধু নিতে ব্যস্ত থাকে।

অনেক ক্ষেত্রে দেওয়ার মধ্যে একটা পাওয়ার আশা থেকে যায় যেটা তার দেওয়ার মানসিকতাকে কলুষিত করে। তাই কাউকে স্বেচ্ছায় কিছু দিলে এটা মনে করে দেওয়া উচিৎ সেটা আর কখনও ফেরত পাবে না। দরকার হলে অল্প দেওয়া ভালো বা সেরকম হলে না দেওয়া। কিন্তু দিলে পাওয়ার আশা কোনও ভাবেই উচিৎ নয় আর নিলে সেটা সবসময় মনে রাখা উচিৎ। তাহলেই সম্পর্ক ভালো থাকবে। তাই, Brian Tracy র উক্তিতে...

Always give without remembering 

& Always receive without forgetting.


ঋতুপর্ণা বসাক

Friday, May 5, 2023

যাত্রা

 


জীবন মানেই যাত্রা যার মধ্যে অনেক ছোট বড় যাত্রা পূরণ করে আমাদের এগিয়ে যেতে হয়। বিভিন্ন যাত্রায় আমরা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হই, অনেক ঘটনার সম্মুখীন হই যা আমাদের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চার করে। ভালো খারাপ সব রকমের অভিজ্ঞতাই আমরা লাভ করি যা আমাদের নতুন যাত্রার জন্য তৈরী করে। 

এক যাত্রা শেষ হলে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন যাত্রার উদ্যোগ শুরু হয়ে যায়। বিভিন্ন যাত্রায় নতুন নতুন রহস্য উন্মোচন, বিপদ আপদ জয় করে সুন্দর ফল প্রাপ্তি যাত্রীকে এক নতুন দিশা দেখায়, তাকে আরও পরিণত মানুষে রূপান্তরিত করে। যদি যাত্রার আগেই সব প্রতিকূলতা সম্পর্কে জানা যেত তবে হয়তো কেউ কোনোদিন কোনও যাত্রা শুরুই করতো না, আর জীবনের অনেক প্রাপ্তি অপ্রাপ্ত রয়ে যেত।

যাত্রা সবসময় সুখকর হয় না। এটা সবসময় আরামদায়ক হয় না। যাত্রা আমাদের মধ্যেকার মানুষকে পরিবর্তন করে, পরিণত করে যা অবশ্যম্ভাবী। যদি যাত্রার জন্য কোন পরিবর্তন না হয়, কোন নতুন অভিজ্ঞতার সঞ্চার না হয় তবেই সেটা যাত্রাই নয়। সবচেয়ে কঠিন যাত্রা হল সেটা যেটা আমরা কখনও শুরু করিনি।

প্রত্যেকের নিজস্ব যাত্রা আছে এবং তাকেই সেটা পূর্ণ করতে হয়। প্রত্যেক যাত্রীর যেমন নিজস্ব যাত্রা আছে ঠিক তেমন প্রত্যেক যাত্রার নিজস্ব যাত্রী আছে। অন্যরা তার সঙ্গে সেই যাত্রায় সহযাত্রী হতে পারে কিন্তু যাত্রী নয়।  সেই যাত্রায় পথ চেনা, দিক নির্ণয়, বিপদের মোকাবিলা করা, নিজেকে রক্ষা করা সব তাকেই করতে হয়। তার যাত্রা তাকেই পূরণ করতে হবে, তার হয়ে অন্য কেউ নয়।

কখনও কখনও না হারালে এক সুন্দর যাত্রাপথ আবিষ্কার করা যায় না। একটা যাত্রা শেষ হলে আর একটা যাত্রা শুরু হয়। অনেক সময় যাকে শেষ ধরা হল দেখা গেল সেটা শেষ হয়নি, আরও অনেকটা চলা বাকী। সফর শেষ ভেবে যেখানে এক বিরাম চিহ্ন বসান হল, কিছু সময় বাদে বোঝা গেল চিহ্ন হিসাবে কমা (,) বসেছে যা ক্ষনিকের বিরতি মাত্র; দাঁড়ি (।) বসতে অনেকটা পথ বাকী যেটা এখনও পেরোতে হবে। তাই গীতিকারের গানে....


ও আলোর পথযাত্রী, এযে রাত্রি, এখানে থেমো না,

এ বালুচরে আশার তরণী তোমার যেন বেঁধো না।


ঋতুপর্ণা বসাক

Monday, April 3, 2023

সমুদ্র মন্থন

 


দেব দানবের মন্থনের ফলস্বরূপ সমুদ্র গর্ভ থেকে জেগে ওঠে মন্দার পর্বত। মাতৃ জঠরে শিশু হলো সেই মন্দার পর্বত যার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে মন্থন করা শুরু হয়। দেব দানবের মন্থন অর্থাৎ সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তির মন্থন। যে শিশুকে যেমন ভাবে মন্থন করা হয় তার ভেতরের প্রজ্ঞার বিকাশ সেইভাবে ঘটে।

এই সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি বিকাশে ধ্বনির বিশেষ ভূমিকা রয়েছে। এই ধ্বনির বিভিন্ন তারতম্য মানবদেহে বিভিন্ন কম্পনের সৃষ্টি করে যা সেখানে অবস্থিত বিভিন্ন চক্রের বৈশিষ্ট্যতা বৃদ্ধি করে। আর এই বৈশিষ্ট্যতাগুলি সেই মানুষের ব্যক্তিত্ব গড়ে তোলে যা তাকে অন্যের থেকে আলাদা করে তোলে। ভালো কথা বা সুধ্বনি যদি বারবার বলা হয় তবে তার সেই কম্পন মানুষের মধ্যে মন্দার পর্বতের অপরের দিকে ধাক্কা মেরে তাকে উন্নত মানুষে পরিণত করে। আবার খারাপ কথা বা কুধ্বনি যদি বেশি উচ্চারিত হয় তবে তা মন্দার পর্বতের নীচের দিকে আঘাত হেনে সেই মানুষকে অবনতির দিকে চালিত করে। 

মন্দার পর্বত মন্থনের সময় অনেক ভালো জিনিষ বেরিয়ে আসে যেমন ঐরাবৎ, কামধেনু; ঠিক তেমন মানুষের ভেতরের মন্দার পর্বতের সুপ্রবৃত্তির যত বেশী মন্থন হবে তত তার ভেতরের প্রজ্ঞার বিকাশ ঘটবে। আর যদিও কুপ্রবৃত্তির প্রভাব বেশী হয় তবে গরল বের হবে। এখন প্রশ্ন হলো সেই গরল কোথায় যায়? পুরাণে সেই গরল ভগবান শিব কণ্ঠে ধারণ করেছিলেন। কিন্তু এযুগে সেই মহাদেব কোথায়? দেব দানবের অর্থাৎ সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তির মন্থনে মানুষের ভেতরের গরল কখনো সে নিজে গ্রহণ করছে আবার কখনো অন্য মানুষকে গ্রহণ করতে হচ্ছে হয়তো স্বেচ্ছায় নয়তো অসহায় হয়ে। মহাদেবের মতো কণ্ঠে ধারণ করার ক্ষমতা না থাকার ফলে এই গরল শরীরে, মনে প্রবেশ করে জীবনকে এতোই বিষাক্ত করে তুলছে যে সবাই আর অমৃতের চেষ্টাই করছে না। কিন্তু অমৃত পেতে গেলে যে আরও কঠিন বল প্রয়োগ করতে হবে, নিরলস প্রচেষ্টা চালাতে হবে। তবেই অমৃত কলসসহ লক্ষী উঠে আসবে যে আমাদের এক সুন্দর জীবনের দিশা দেখাবে। আর এই লক্ষীলাভ করতে গেলে মন্দার পর্বতকে আরও মন্থন করতে হবে। যতবেশী মন্থন হবে তত বেশী মানুষ তার অন্তর জগৎকে চিনতে শিখবে, বাইরের জগতের বিশ্বরূপের সাথে ভেতরের বিশ্বরূপের মেলবন্ধন ঘটাতে পারবে


ঋতুপর্ণা বসাক

Sunday, December 18, 2022

বাঁক

 

বাঁক শব্দটি প্রতি মুহুর্তে এক অদ্ভুত কৌতূহল বা রোমাঞ্চ নিয়ে আসে, তা সে রাস্তার বাঁক হোক বা জীবনের বাঁক। প্রতিটি বাঁকে লুকিয়ে থাকা আকস্মিকতা যে কোন মুহুর্তে যাত্রার মোড় ঘুরিয়ে অন্য এক নতুন দিশার দিকে নিয়ে যেতে পারে। রাস্তার বা নদীর বাঁকের মতো জীবনের প্রতিটি বাঁকও আকস্মিক আর অপ্রত্যাশিত হয়

জীবন মাঝেমধ্যেই সঠিক অভিমুখে এক আকস্মিক ভুল বাঁক নেয় যা তাকে এক অন্য দিকে নিয়ে যায়। আবার কখনও ভুল পথে সঠিক বাঁক নিয়ে জীবন এক অপ্রত্যাশিত বাস্তবের সামনে এসে দাঁড়ায় বা ভিন্ন লক্ষ্যে পৌঁছে যায়। জীবন একটা রাস্তার মতো যেখানে প্রতিটি বাঁকে কোন না কোন রোমাঞ্চ লুকিয়ে আছে

বাঁক কখনও রুক্ষ শুষ্কতা এনে জীবনকে একটা কঠিনতার মুখোমুখি দাঁড় করায়; আবার কখনও বাঁক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই কঠিনতা কোন বিশল্যকরণীর ছোঁয়া পেয়ে নতুন ভাবে উজ্জীবিত হয়ে ওঠে। জীবন মাঝে মধ্যে কোন কোন বাঁকে এই ভাবে জাগিয়ে তোলে

এক বিখ্যাত উক্তি হলো "রাস্তার মোড় কখনোই একটা রাস্তার শেষ নয় যতক্ষণ না কেউ রাস্তার বাঁক নিতে অসমর্থ হয়"। কেউ যদি ভাবে যে রাস্তাটা সবসময় সরলরেখার মতো সোজা হবে, তাতে কোন বাঁক আসবে না তবে সে জীবনের সবথেকে বড় অনভিজ্ঞ যাত্রী তৈরী হবে। জীবনে যত ঘাত প্রতিঘাত আসবে, যত বাঁক আসবে তত প্রতিকূলতার সঙ্গে মানাতে পারবে, তত নতুন অভিজ্ঞতার সঞ্চার হবে এবং অভিজ্ঞ যাত্রী হিসাবে প্রমাণিত হবে।

যাত্রাপথে যখনই বাঁক আসবে তখন সেই পথে এগিয়ে যেতে হয়; কারণ এটা মনে রাখতে হবে যে এক একটা যাত্রাপথ একটা অভিযান যেখানে একমাত্র এগিয়ে গেলেই কোন লক্ষ্যে পৌঁছানো যাবে, নতুন দিশার সন্ধান পাওয়া যাবে। জীবনের পথে উপস্থিত এই বাঁকই হয়তো নতুন কোন লক্ষ্যে নিয়ে গেলো যা কারও কল্পনার অতীত ছিল। এই বাঁকের জন্যই আবার নতুন রূপে নতুন করে সব পুনরুজ্জীবিত হয়ে ওঠে। সামান্য থেকে বিশেষ আর শূণ্যতা থেকে পূর্ণতা প্রাপ্তি হয়। তাই জীবনের কিছু বাঁকে জেগে উঠতে হয়, নির্ভয়ে এগিয়ে যেতে হয়।


ঋতুপর্ণা বসাক

Sunday, November 13, 2022

মনের ভাব


মন বড় অদ্ভুত এক সৃষ্টি যা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রকাশিত হয়। কখনও রাগ, কখনও দুঃখ, আবার কখনও ভালোবাসা, আনন্দ - মনের এই বিভিন্ন ভাব পরিবেশ ও পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়।

মনের এই ভাবের পেছনে বিজ্ঞানীরা হয়তো বিভিন্ন জীবতত্ত্বের ব্যাখা দিয়েছেন; কিন্তু কবি সাহিত্যিকদের দৃষ্টিতে সেগুলো বিভিন্ন অনুভূতির প্রকাশ হয়ে ধরা দিয়েছে। এইসব অনুভূতি লাল, নীল, গোলাপি, সবুজ, কালো ইত্যাদি বিভিন্ন রঙের মাধ্যমে চিত্রিত হয়েছে। একই ভাব একই সময়ে ভিন্ন ভাবে ভিন্ন লোকের কাছে ধরা পড়েছে - কারও কাছে ভালোবাসা তো কারও কাছে ভালোলাগা, আবার কারও কাছে বিরহ।

প্রত্যেকেরই মন আছে আর তার সাথে আছে সেই মনের বিভিন্ন অনুভূতি। জীবনের প্রতিটি মুহুর্তে বিভিন্ন ঘাত প্রতিঘাতে সৃষ্ট সেই অনুভূতিগুলি প্রত্যেকেই অনুভব করে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছে তা প্রকাশ করে। কারও কাছে ভালোবাসা, আনন্দ, কৃতজ্ঞতা আবার কারও কাছে রাগ, ঘৃণা, ভয় - বিভিন্ন রূপে এরা প্রকাশিত হয় যা সম্পূর্ণরূপে নির্ভর করে সেই সময়ের পরিবেশ, পরিস্থিতি এবং ব্যক্তিবর্গের ওপর।

একজনের মন যদি আর একজনের মনের সাথে মিল খুঁজে পায় তবে ভবিষ্যতেও সেই মনের সঙ্গে ভাবের আদানপ্রদান করে। আর যদি অন্য মনের সাথে মিল খুঁজে না পায় তবে সেই সম্পর্ক ক্ষণস্থায়ী হয় সেই মন এই মনের ভাবের ভার বহনে অক্ষম। সবাই ভার কমাতে চায়, বইতে বা বাড়াতে নয়। এক ভাব কমলে বা দূর হলে তবেই অন্য ভাবের উদয় হয়।

একজন মানুষ যখন তার মনের ভাবের ভারে বিহ্বল হয়ে পড়ে সে সেই ভাবের ভার কমানোর জন্য অন্য কাউকে খোঁজে এবং তাকে সেটা দিয়ে দেয়। একজনের মন আরেকজনের মনের ভাবের রঙে রাঙায়িত হয়ে কখনও আনন্দে মেতে ওঠে, কখনও দুঃখে কেঁদে ওঠে, আবার কখনও রাগে গর্জন করে ওঠে। প্রতিনিয়ত এক মন তার ভাব প্রকাশের জন্য আর এক মনকে খুঁজে চলেছে।



ঋতুপর্ণা বসাক

গণ্ডীর ঘরে বাইরে

  মানুষ যুগের সঙ্গে সঙ্গে বড্ড বেশী আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। শুধু নিজের, নিজের পরিবার, নিজের জীবন, নিজের পেশা, নিজের সুখ এইগুলোই প্রত্যেকের জ...

Popular Posts