Sunday, August 24, 2025

কৌতূহল

 


কৌতূহল এমন একটা জিনিস যেটা ছোট বড় সবার মনেই থাকে। আমরা সবাই সব জানি না কিন্তু যদি জানতে চেষ্টা করি তবে তার সবটা জানা যেতে পারে। আর তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হল সেই বিষয়ের প্রতি কৌতূহল। কোন কিছুকে জানার জন্য কোন বিশেষ গুণ না থাকলেও প্রগাঢ় কৌতূহল তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে অনেকটাই সক্ষম হয়।

আমাদের সর্বতোভাবে উন্নয়নের পেছনে শিক্ষা এবং জ্ঞানের ভূমিকা অপরিসীম। আর এই শিক্ষা এবং জ্ঞান বৃদ্ধির প্রথম সোপান হল কৌতূহল। কিছু জানার জন্য খুব বুদ্ধি বা চতুরতা না থাকলেও একটা কৌতূহলী মন বিশেষ ভাবে আবশ্যক। আর এই কৌতূহলই আমাদের জ্ঞানের শিখাটাকে সর্বক্ষণ জ্বলতে সাহায্য করে।

মনে যদি কোন কৌতূহলই না থাকে তবে এগোনোর রাস্তাটাও যেন থেমে থাকে। কৌতূহল হল সেই অস্ত্র যা কোন কিছুকে জানার সন্ধানে সজাগ করে তোলে, সে বিষয়ে উৎসুক করে তোলে। সেখানে যদি কৌতূহলই না থাকে তাহলে জানার আগুনটা নিভে থাকে। মানুষ যেখানে ছিল সেখানেই আটকে থাকে, আর এগোতে পারে না। তাই যত কৌতূহল তত উদ্দীপনা, সৃজনশীলতার প্রকাশ, নতুন রহস্যের উদ্ঘাটন, অজানাকে জানা, অচেনাকে চেনা।

কোন ব্যক্তি বিশেষের ওপর কৌতূহল জন্মানোটা কোন ভুল নয় যদি সেটা সীমার মধ্যে থাকে। অনেক সময় সেই সীমা লঙ্ঘন করে অত্যধিক কৌতূহলী হয়ে অনেকে অপরের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে যা একেবারেই উচিত নয়। কাউকে জানার কৌতূহল থাকতেই পারে কিন্তু তার ব্যক্তিগত জগৎকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত কৌতূহল দেখানোটা কোন সুস্থতার লক্ষণ নয়, এটা একটা অস্বাস্থ্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়।

উদ্দেশ্যহীন ভাবে অন্যের প্রতি ধ্বংসাত্মক কৌতূহলী না হয়ে নতুন গঠনমূলক চিন্তা ভাবনার প্রতি উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বেশী করে কৌতূহলী হওয়াটা বিশেষভাবে কাম্য। চারিপাশে পরিবেশে লুকিয়ে থাকা অগণিত রহস্যের উদ্ঘাটনের জন্য প্রথম এবং প্রধান অস্ত্রই হল নিরপেক্ষ কৌতূহলী মন যা লক্ষ্যের দিকে অবিচল ভাবে এগিয়ে যায়।


ঋতুপর্ণা বসাক

No comments:

Post a Comment

নিঃশব্দ ঘাতক

  সময় এগোতে থাকে, কাছের মানুষ দূরে যেতে থাকে । সময়, দূরত্ব, পরিবেশ, পরিস্থিতি আস্তে আস্তে কখন যে দূরত্ব বাড়াতে থাকে আমরা বুঝতেই পারি না। একই...

Popular Posts