উৎসব এমন একটা শব্দ যার সঙ্গে মনের সম্পর্ক। উৎসব শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে এক খুশির হাওয়া বয়ে যায়, একটা পজিটিভ অনুভূতি কাজ করে। বিভিন্ন উৎসবের বিভিন্ন রং, সাজসজ্জা, বিভিন্ন অনুভূতি, বিভিন্ন রকম সমারোহ কিন্তু আনন্দ, খুশি, হৈ চৈ এগুলো সব এক; এতে কোন বৈষম্য নেই।
উৎসব একেক জনের কাছে একেক রকম। কারও ঘরে কোন শুভ অনুষ্ঠান, নতুন অতিথি আসা, নতুন কাজ শুরু করা, পরীক্ষায় ভালো ফল করা, কারও সুস্থ হয়ে বাড়ী ফেরা, কোন অন্যায়ের ন্যায় বিচার পাওয়া, কোন না পাওয়া কিছু পাওয়া এই সব উৎসবেরই ভিন্ন ভিন্ন রূপ। উৎসবে কাজ করা মানুষগুলো যাদের রুজি রোজগারের সঙ্গে উৎসব জড়িত তাদের উৎসব শুরু হয় সেই উৎসব শেষ হয়ে যাওয়ার পর। কারণ সেই উৎসব থেকে উপার্জিত অর্থে তাদের ঘরে নতুন জিনিসপত্র আসে, নতুন পোশাক আসে যা উৎসবের বার্তা বয়ে আনে। তাই সবাই যেখানে উৎসব শেষ হলে মন খারাপ করে সেই মানুষগুলো উৎসব শেষের প্রহর গোনে।
উৎসবের অন্য একটা দিকও দেখা যায়। অনেক জায়গায় অনেক ক্ষেত্রে প্রচুর অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়। কখনও একে অপরের সঙ্গে অপ্রয়োজনীয় অবাঞ্ছিত প্রতিযোগিতায় নেমে, কখনও নিজেদের ক্ষমতা দেখাতে বিভিন্ন গোষ্ঠী প্রচুর অর্থের অপচয় করে যেটা কোন প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। বিশেষ বিশেষ উৎসবের কারণে কখনও শব্দদূষণ কখনও বায়ুদূষণ তো কখনও পরিবেশ দূষণ হয় যার দায়ভার সবাই একে অপরের ওপর চাপিয়ে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলে। এতকিছুই হয় না যদি মানুষ সীমার মধ্যে থেকে উদযাপনগুলো করে। কিন্তু কিছু মানুষ সেটা ভুলে শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য উৎসবকে অস্ত্র করে বিপদসীমা অতিক্রম করে উৎসব উদযাপন করে। উৎসব আনন্দের হয়, তাই দেখতে হয় সেটা যেন কারও কাছে কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়।
একেকটা উৎসব একেকটা যজ্ঞের সমান। তাতে বহু মানুষ জড়িত থাকে, তার সঙ্গে জড়িত থাকে তাদের অসীম আবেগ, ভালোবাসা, যত্ন ও পরিশ্রম। কখনও একদিন তো কখনও তার বেশী দিন, কখনও দিনে তো কখনও রাতে বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসবের উদযাপন হয়। স্থলে, জলে, অন্তরীক্ষে উৎসবের বাতাবরণ তৈরী হয়, আবালবৃদ্ধবনিতা উৎসব মুখর হয়ে ওঠে।
উৎসব নামক আবেগটা সবকিছু এক করে আনন্দের সাগরে ভাসিয়ে নিয়ে যায় বা বলা ভালো সবাই ভেসে যায়। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এবং প্রতিদিনের প্রতিযোগিতা থেকে ক্ষনিকের মুক্তি পেতে সবাই কিছু দিনের বা কিছু সময়ের জন্য উৎসবে মেতে ওঠে। উৎসব সেই মিলনক্ষেত্র যেখানে রূপ, রং, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে শুধু উৎসবকে ভালোবেসে উদযাপনে মেতে ওঠে। উৎসব ভালো ও খারাপের এক নতুন সংমিশ্রণ যেখানে সবাই অতীতকে আলিঙ্গন করে বর্তমানকে সঙ্গে নিয়ে নতুন ভবিষ্যতের দিকে অগ্রসর হয়।
ঋতুপর্ণা বসাক
No comments:
Post a Comment