কালের নিয়মে সময় তার গতিপথে এগিয়ে চলে। তার চাবিকাঠিতে সর্বদা দম দেওয়া থাকে। সেই অনুযায়ী সে চলতে থাকে। সে কারও জন্য বা কারও কথায় থেমে থাকে না বা বলা যায় থামতে পারে না। একবার যে সময় চলে যায় তা হাজার চেষ্টা সত্ত্বেও ফিরে আসে না। সময় হল একমুখী, শুধু এগিয়ে যায় পেছনে যেতে পারে না। এটাই তার নিয়তি।
সময় কারও পরোয়া করে না, আবার সে বেপরোয়াও নয়। সময়কে কেউ বেঁধে রাখতে পারে না। সে নিজে বাঁধন ছাড়া কিন্তু গোটা বিশ্বকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে চালনা করে যাচ্ছে। কি অদ্ভুত ক্ষমতা তার তিনটে কাঁটার যাদের কাছে সমগ্র বিশ্ব বশ্যতা স্বীকার করতে বাধ্য। স্বয়ং ঈশ্বরও সময়কে উপেক্ষা করতে পারেন না বা আটকাতে পারেন না। সেই ক্ষমতা তাঁরও নেই। সবাই সময়ের গন্ডিতে আবদ্ধ। সময়কে এড়িয়ে কেউ নিজের মর্জি মত চলতে পারে না। আর কেউ সেই ধৃষ্টতা দেখালে সময় তাকে তার জায়গা বুঝিয়ে দেয়।
সময়ের সঙ্গে তাল মিলিয়েই এগিয়ে চলে মানুষের জীবন। সময় কিভাবে বদলায় কেউ বলতে পারে না। আজ যা জীবন কাল তা বিপরীত হতেই পারে। আবার আজ যা জীবনে নেই কাল তা হতেই পারে। আসলেই সময়ের হাতে সবাই বন্দী, যখন তখন পরিস্থিতি বদলে যেতে পারে। কখনও সেটা প্রবল ঘটনাবহুল হয় আবার কখনও সাধারণ গতিতে চলে। কিন্তু গভীরভাবে দেখলে উপলব্ধি করা যায় প্রতিটা ঘটনা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তার জন্য নির্ধারিত একটা নির্দিষ্ট সময়েই ঘটছে।
কখনও কখনও সময়কে ভরসা করতে নেই, কখন বাজি পাল্টে দেয় কেউ বলতে পারে না। আবার কোন ক্ষেত্রে সময়ের ওপরেই ভরসা রাখতে হয় যে ঠিক সময়ে সব ঠিক করে দেয়। কখনও সঠিক সময়ের অপেক্ষায় থাকতে নেই। সঠিক সময়ের অপেক্ষায় থাকলে সেই সঠিক সময়টাকে কখনই ধরা যায় না। তাই উচিৎ হল অপেক্ষা না করে ওই সঠিক সময়টাকে নিয়ে আসার জন্য নিজের বা সবার সুবিধার্থে নিজেরই কোন পদক্ষেপ নেওয়া যাতে তাকে সঠিক সময় বলে আখ্যায়িত করা যায়।
সময় হচ্ছে সবকিছু। সময় সবারই আসে। কিন্তু সময় কারও হাতের পুতুল নয় বা কারও কথায় সে উঠবোস করে না। সে নিজের মর্জির মালিক। সময়ের যখন সময় হয় তখন সে সময়মত সময় নিয়ে সঠিক ভাবে সঠিক কারণে সব সঠিক করে। বলাবাহুল্য, ভুল সময়ে ভুল জায়গায় ভুল কাজ করার থেকে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক ভাবে সঠিক কাজ করা অনেক বেশী সঠিক সিদ্ধান্ত।
ঋতুপর্ণা বসাক